
আগামী ৯ দিনের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া সদর আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত নারীদের উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
আমির হামজা বলেন, দলের আমিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে এবং অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, ইতিহাসে দেখা গেছে যাদের বিরুদ্ধে এ ধরনের অপচেষ্টা হয়েছে, পরবর্তীতে তারাই নেতৃত্বে পৌঁছেছেন।
এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট হ্যাকের উদাহরণ তুলে ধরেন এবং বলেন, নির্দিষ্ট সময় পর তারা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।
ডা. শফিকুর রহমানকে একজন মানবিক ও সহানুভূতিশীল মানুষ হিসেবে উল্লেখ করে আমির হামজা বলেন, তার কাছে দল, মত, ধর্ম কিংবা বর্ণের কোনো বিভেদ নেই। এমন একজন ব্যক্তি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বাড়িতে বসেই সম্মানজনকভাবে আয় করার সুযোগ তৈরি করা হবে। হস্তশিল্পসহ বিভিন্ন কাজ প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হবে, যাতে নারীরা নিরাপদ পরিবেশে সংসারের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন।
নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে ভোটারদের ইতিবাচক সিদ্ধান্ত প্রয়োজন। তিনি ভোটারদের আগামী কয়েকদিন ধৈর্য ধরে পাশে থাকার আহ্বান জানান।
সন্ত্রাসী কার্যকলাপ প্রসঙ্গে আমির হামজা বলেন, কুষ্টিয়া জেলায় এ ধরনের অপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তার ভাষায়, এমন পরিবেশ তৈরি করা হবে যাতে মানুষ নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, কুষ্টিয়া সদর আসনের ভোটাররা দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবেন এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন।