
জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, দীর্ঘ ত্যাগ ও আন্দোলনের বিনিময়েই দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার হয়েছে, তাই এই অধিকার প্রয়োগের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানাতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা-৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হক আবাসিক সোসাইটি পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, “নির্বাচন ও ভোটাধিকারের জন্য আমাদের অনেক সহযোদ্ধা আত্মত্যাগ করেছেন। শহীদ ওসমান হাদিসহ বহু নেতা-কর্মী জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। এই আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হলে আমাদের সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে।”
তিনি বলেন, ভোটার উপস্থিতিই একটি দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করে। জনগণ যদি ব্যাপকভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তবে তা দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করবে। এজন্য ভোটারদের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে বিএনপি প্রার্থী বলেন, ঢাকা-৯ আসনে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, পানির সমস্যা ও জলাবদ্ধতার মতো নানা ভোগান্তি রয়েছে। এছাড়া শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই এবং এলাকায় মাত্র একটি হাসপাতাল রয়েছে, যা আধুনিকায়নের প্রয়োজন। তিনি বলেন, জনগণের শক্তিশালী ভোটের মাধ্যমেই এসব সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, বিএনপি কখনোই মাদক, চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আশ্রয় দেবে না। সততা ও আইনের শাসনের ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করার জন্য নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও আত্মত্যাগের কথাও স্মরণ করেন। হাবিব বলেন, “মানুষের ক্ষতি করে কিংবা অন্যায়ের মাধ্যমে দলের স্বার্থ রক্ষা করা আমাদের রাজনীতির লক্ষ্য নয়। জনগণের কল্যাণই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য।”