
উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের অবরোধে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদটি দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। তবে সম্প্রতি ওই পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ করা হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না।
তাদের দাবি, অবিলম্বে এই সুপারিশ বাতিল করতে হবে। শিক্ষার্থীরা আরও জানান, সহকারী প্রকৌশলী পদে বরাবরই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পেয়ে আসছেন। কিন্তু গত বছর এই পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের দাবিতে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে নতুন করে এই জটিলতার সৃষ্টি হয়।
কারিগরি শিক্ষার্থীদের ভাষ্য, নিজেদের অধিকার রক্ষায় তারা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।