
উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত ৩৩ শতাংশ কোটা বাতিলসহ একাধিক দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। এতে গাজীপুরের শিমুলতলী আঞ্চলিক সড়ক ও গাজীপুর–রাজশাহী রেলপথে যানবাহন ও ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা গাজীপুরের শিমুলতলী এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। অবরোধের ফলে সড়ক ও রেলপথ ব্যবহারকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একইসঙ্গে জয়দেবপুর রেলওয়ে জংশনে দুটি ট্রেন যাত্রা বিরতি করে দাঁড়িয়ে আছে।
এর আগে গত রোববার দুপুরেও একই দাবিতে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা শিমুলতলী এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা আবারও কঠোর কর্মসূচিতে যান বলে জানান আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা রাখা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি স্পষ্ট বৈষম্যের শামিল। তারা দাবি করেন, এসব পদ শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত থাকা উচিত।
শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিকে ‘লোক দেখানো’ আখ্যা দিয়ে বলেন, বিতর্কিত কমিটি ও সার্কুলার বাতিল না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার ও কমিটি বাতিল এবং এ সংক্রান্ত দায়ের করা রিটের দ্রুত নিষ্পত্তি।
সড়ক ও রেলপথ অবরোধের ফলে সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিকল্প সড়কে যান চলাচলের চাপ বেড়ে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বনিক জানান, সকাল সাড়ে ১০টার দিকে রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর জংশনে দুটি ট্রেন যাত্রা বিরতি করে দাঁড়িয়ে আছে, ফলে যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।