
আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য প্রাণিজ আমিষ সহজলভ্য করতে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে করণীয় নির্ধারণে গত রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সভায় সিদ্ধান্ত হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রি করা হবে। নির্ধারিত মূল্যে ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।
এ ছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরেও বিভাগীয় ও জেলা শহরগুলোতে স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ও ব্রয়লার বিক্রির উদ্যোগ নেবেন।
প্রাথমিকভাবে ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় জনগণের চাহিদা বিবেচনায় ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। এসব স্থানের মধ্যে রয়েছে—সচিবালয়ের পাশের আব্দুল গনি রোড, খামারবাড়ি (ফার্মগেট), মিরপুরের ষাটফুট রোড, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ, কালশী, মানিক নগর, শাহজাদপুর, কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও, নাখালপাড়া, সেগুনবাগিচা, মোহাম্মদপুরের বাবর রোড ও বসিলা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং পুরান ঢাকার বঙ্গবাজার এলাকা।
মন্ত্রণালয় জানায়, স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে স্থায়ী স্পট নির্ধারণ করে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে।