
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় এবং নারীদের নিয়ে প্রকাশ্যে অসম্মানজনক মন্তব্য করছে। তিনি বলেন, নারীদের পিছিয়ে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
সোমবার দুপুরে খুলনা নগরীর খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল দাবি করছে তারা ইসলামি শাসনব্যবস্থা কায়েম করতে চায়। অথচ নির্বাচনের আগে তারা নারীদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন কর্মমুখী নারী ও সফল ব্যবসায়ী।
তিনি আরও বলেন, এসব বক্তব্য প্রমাণ করে ওই দলটি কেবল নিজেদের স্বার্থ নিয়েই চিন্তা করছে। নারীদের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রেখে রাষ্ট্র পরিচালনা বা উন্নয়ন সম্ভব নয়।
ভোট প্রসঙ্গে তারেক রহমান বলেন, একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে। তার মতে, এটি নতুন করে ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।
এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাকের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার ছড়ানোর অভিযোগও করেন।
খুলনার কর্মসূচি শেষে বিএনপি চেয়ারম্যান দুপুর দেড়টার দিকে যশোর ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। এটি যশোরে তার প্রথম সরাসরি জনসভা বলে দলীয় সূত্র জানিয়েছে।