
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীকসংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার নির্বাচন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার ঢাকা থেকে ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং আরও আটটি জেলায় পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
রাশেদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষ হওয়ার পর সেগুলো পর্যায়ক্রমে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পাঠানো হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, এবার দেশের ৬৪ জেলার ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ আরও একটি জেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে।
সোমবার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ঢাকা থেকে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কঠোর নিরাপত্তার মধ্যে ধাপে ধাপে জেলায় পাঠানো হচ্ছে। এসব সামগ্রী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন কেন্দ্রভিত্তিকভাবে সরবরাহ করা হবে।
ইসি জানায়, সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিতব্য গণভোটের ব্যালট পেপার ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোতে পাঠানো সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী রাজনৈতিক দলগুলো আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবে।