
২৫ বছরের মধ্যে সর্বোচ্চ আলু উৎপাদন হয়েছে জার্মানিতে। অতিরিক্ত এই ফলন সামাল দিতে রাজধানী বার্লিনজুড়ে শুরু হয়েছে বিনামূল্যে আলু বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ। শহরের বিভিন্ন স্থানে বাসিন্দাদের এসে আলু নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরকারি পরিসংখ্যান অনুযায়ী জার্মানরা বছরে গড়ে জনপ্রতি প্রায় ৬৩ কেজি আলু খান। তবে চলতি মৌসুমে উৎপাদন এতটাই বেশি হয়েছে যে তা ভোক্তাদের পক্ষেও ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিকে নাম দেওয়া হয়েছে ‘কার্টোফেল-ফ্লুট’, অর্থাৎ আলুর বন্যা।
রেকর্ড ফলনের পর লাইপজিগের কাছাকাছি এক কৃষকের অবিক্রীত প্রায় ৪ হাজার টন আলু বার্লিনে বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। একটি বিক্রয়চুক্তি শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ায় গত ডিসেম্বরে ওই কৃষক অতিরিক্ত আলু ফ্রি দেওয়ার প্রস্তাব দেন। একটি বার্লিনের সংবাদপত্র ও পরিবেশবান্ধব সার্চ ইঞ্জিন ইকোসিয়ার যৌথ উদ্যোগে ‘৪০০০ টন’ নামের এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এই কর্মসূচির আওতায় স্যুপ কিচেন, গৃহহীন আশ্রয়কেন্দ্র, কিন্ডারগার্টেন, স্কুল, চার্চ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আলু সংগ্রহ করছে। এমনকি বার্লিন চিড়িয়াখানাও এতে যুক্ত হয়েছে। তারা ল্যান্ডফিলে ফেলার পরিবর্তে পশুখাদ্য হিসেবে ব্যবহারের জন্য টনকে টন আলু নিয়েছে। পাশাপাশি ইউক্রেনে মানবিক সহায়তা হিসেবে দুই ট্রাক আলু পাঠানো হয়েছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণ নগরবাসীর মধ্যেও এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। নির্ধারিত বিতরণকেন্দ্রগুলোতে বস্তা, বালতি ও ঠেলাগাড়ি নিয়ে ভিড় করছেন মানুষ। বার্লিনের পূর্বাঞ্চলের কাউলসডর্ফ এলাকায় লাইনে দাঁড়িয়ে আলু নেওয়া শিক্ষিকা আস্ট্রিড মার্জ বলেন, তিনি ১৫০টির বেশি আলু গুনে থেমে গিয়েছিলেন। তার মতে, এই আলু বছর শেষ হওয়া পর্যন্ত তার পরিবার ও প্রতিবেশীদের জন্য যথেষ্ট হবে।
টেম্পেলহোফার ফেল্ডে আলু সংগ্রহ করতে আসা রোনাল্ড নামের এক বাসিন্দা বলেন, পুরো পরিবেশটাই উৎসবের মতো ছিল। মানুষ একে অপরকে ভারী বোঝা তুলতে সাহায্য করেছে এবং রান্নার নানা কৌশল বিনিময় করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলু দিয়ে রান্নার নানা রেসিপি ছড়িয়ে পড়ছে। পুষ্টিবিদদের মতে, আলুতে ভিটামিন সি ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ রয়েছে।
বার্লিনের তারকা শেফ মারকো মুলার বলেন, এখন আলুকে নতুন করে সম্মান দেওয়ার সময় এসেছে। তিনি আলুর খোসা ভেজে ঘন ব্রথ ও জনপ্রিয় আলু ভিনেগ্রেট তৈরির কথা উল্লেখ করেন। আলোচনায় উঠে এসেছে সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের আলু স্যুপের রেসিপিও।
আয়োজকরা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই আরও এক দফা বিনামূল্যে আলু বিতরণ হতে পারে। এজন্য আগ্রহীদের কর্মসূচির ওয়েবসাইটে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।