
গাজীপুরের গাছা এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রানী বেগম (৪০) নামে এক নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক নেতা আশিক ইসলাম ওরফে স্বপনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রানী বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ গ্রামের মো. হিরোনের স্ত্রী। তিনি গাজীপুর মহানগরের পশ্চিম কলমেশ্বর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং ওই এলাকার দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।
গ্রেপ্তার আশিক ইসলাম ওরফে স্বপন গাজীপুর মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানী বেগম কাপড়ের ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। এ নিয়ে একই এলাকার মুদি দোকানি নজরুল ইসলাম ও তার ছেলে আশিক ইসলামের সঙ্গে তার বিরোধ চলছিল।
ঘটনার দিন শনিবার সকাল আটটার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের একপর্যায়ে রানী বেগম আশিকের বাবা নজরুল ইসলামকে গালাগাল করেন। বিষয়টি জানতে পেরে আশিক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি নিয়ে রানী বেগমের ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।
রানী বেগমকে বাঁচাতে তার ছেলে হৃদয় মিয়া ও স্থানীয় ওসমান হোসেন এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আশিক। পরে আহত অবস্থায় রানী বেগমকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শনিবার রাতে নিহত রানী বেগমের ছেলে হৃদয় মিয়া বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দিবাগত রাত দুইটার দিকে পুলিশের একটি দল ময়মনসিংহের ভালুকা এলাকায় অভিযান চালিয়ে আশিক ইসলামকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, আশিক ইসলাম যদি অপরাধ করে থাকেন, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে। তিনি বর্তমানে সংগঠনের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত নন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।