
নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ১০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন—ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মো. মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, আলম এবং কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আ. রাজ্জাক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত এই ১০ জনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, এই ১০ নেতার বিরুদ্ধে দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আরেক বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।