
চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটাতে পারলে এক বছরের মধ্যেই দেশের ২৫ শতাংশ পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একই ধারাবাহিকতা বজায় থাকলে পাঁচ বছরে দেশ শতভাগ পরিবর্তনের পথে এগিয়ে যাবে।
রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর–জামালপুরের নির্বাচনী সমাবেশ শেষ করে বিকেলেই রাজধানীতে নির্বাচনী প্রচারণায় নামেন জামায়াত আমির। নিজ নির্বাচনী আসন ঢাকা-১৫ এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।
মিরপুরের ১৩ নম্বর এলাকায় হেঁটে হেঁটে ভোটারদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও কর্মজীবী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।
জনসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি বলেন, মা-বোনদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মান বজায় রাখতে দলটি কাজ করবে।
দুর্নীতির বিষয়ে তিনি বলেন, জামায়াত একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা গেলে অল্প সময়ের মধ্যেই দেশের দৃশ্যমান পরিবর্তন সম্ভব।
এ সময় যুব সমাজের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, পরিকল্পিতভাবে যুব সমাজকে মাদকের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। জামায়াত ক্ষমতায় এলে এই যুবসমাজকে গঠনমূলক শক্তিতে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।