
নিজের পার্লার উদ্বোধনের দিনে সাদা পরীর লুকে হাজির হয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অনুষ্ঠানটির সেই মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
উদ্বোধনের দিন অপু বিশ্বাসের পরনে ছিল সাদা রঙের সফ্ট সিল্ক গাউন, যার পুরো অংশজুড়েই ছিল রুপালি জরির সূক্ষ্ম কাজ। ফ্লোর-টাচ এই গাউনের সঙ্গে মানানসই করে চুল উঁচু করে খোঁপা বাঁধেন তিনি, যা তার লুককে আরও পরিপূর্ণ করে তোলে।
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, অভিনয়ের পাশাপাশি একটি স্থায়ী পরিচয় গড়ে তোলার ইচ্ছা থেকেই তিনি এই নতুন উদ্যোগ নিয়েছেন। একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য বলেও জানান তিনি। এ সময় তিনি সবার কাছে দোয়া চান।
পার্লার উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। পরে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে এই বিশেষ মুহূর্ত উদযাপন করেন তিনি। অপু জানান, সিনেমার পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে যুক্ত থাকার পরিকল্পনা রয়েছে।
চলচ্চিত্রাঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ‘সিক্রেট’ সিনেমায় তাকে দেখা যাবে তরুণ অভিনেতা আদর আজাদের বিপরীতে এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনয় করছেন অভিনেতা সজলের সঙ্গে।