
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শক ও অনুরাগীদের মধ্যে নানা আলোচনা চলছিল। সেই জল্পনায় নতুন করে আগুন দিয়েছে তাদের বিয়ে নিয়ে সাম্প্রতিক গুঞ্জন।
বিনোদন অঙ্গনে আলোচনায় রয়েছে—এই তারকা জুটি নাকি খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুরে একটি রাজকীয় প্রাসাদে বিয়ের আয়োজন হতে পারে বলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে বিজয় বা রাশমিকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যা এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। ভিডিওটিতে দেখা যায়, উদয়পুরের একটি প্রাসাদে বিয়ের আয়োজনের মতো করে সাজসজ্জা চলছে। লাল ভেলভেট কাপড়, রঙিন ফুল এবং কারুকার্য করা পিতলের সামগ্রী দিয়ে সাজানো হচ্ছে অনুষ্ঠানস্থল। ভিডিওটি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য ধারণ করেছেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে শেষ মুহূর্তের প্রস্তুতির দৃশ্য দেখা যায়।
ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর কথা রয়েছে বলে আলোচনা চলছে। এ সময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেহেদি, সংগীত ও ককটেল পার্টির মতো আয়োজন হতে পারে বলেও দাবি করা হচ্ছে। এরপর সোমবার মূল বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন রয়েছে।
উল্লেখ্য, বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই আলোচনা থাকলেও তারা কখনোই প্রকাশ্যে বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। ফলে বিয়ের এই খবরও এখনো পুরোপুরি নিশ্চিত নয়, বরং বিনোদন অঙ্গনের আলোচিত গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।