
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের কার্যক্রম টানা চার দিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ঘোষিত সরকারি ছুটির কারণে ওই দুই দিন ব্যাংক বন্ধ থাকবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির আওতায় বাংলাদেশে কার্যরত সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এদিকে, ১১ ও ১২ ফেব্রুয়ারি যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার। এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সব মিলিয়ে টানা চার দিন—১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত—ব্যাংক লেনদেন বন্ধ থাকবে।