
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, যারা চান ভবিষ্যতে ফ্যাসিস্ট শাসন কিংবা আগের শাসনের দোসররা আবার দেশে ফিরে না আসুক, তাদের হ্যাঁ ভোটের পক্ষেই অবস্থান নিতে হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে বক্তব্য দিলেও মাঠপর্যায়ে তাদের নেতাকর্মীরা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তিনি দাবি করেন, এই দ্বৈত অবস্থান জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, যারা ব্যাংক লুট করে ঋণখেলাপি হয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, তাদের কাছ থেকে নির্বাচনের সময় টাকা নেওয়া হলেও ভোট দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। তার ভাষায়, ভোট দেওয়া উচিত তাকেই, যিনি মানুষের জীবনমান পরিবর্তন করতে পারবেন এবং সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করতে সক্ষম হবেন।
এনসিপি মুখপাত্র আরও বলেন, দেশের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে দৃঢ় কণ্ঠস্বর হতে পারবে—এমন প্রার্থীকেই ভোট দেওয়া প্রয়োজন, যিনি আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন।
বিদেশে অবস্থানকারী প্রার্থীদের বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, শীত মৌসুমে যেমন অতিথি পাখিরা বাংলাদেশে আসে এবং পরে চলে যায়, তেমনি বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে জয়ী না হলে আবার বিদেশে ফিরে যাবে। এ ধরনের প্রার্থী ও ঋণখেলাপিদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ অন্যান্য নেতারা।