
কর্মজীবী নারীদের বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও করে সংগঠনটি।
মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিপীড়কের বিরুদ্ধে—ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, জামায়াতে ইসলাম ও তাদের সহযোগী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই নারীদের বিষয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে আসছে। তার মতে, সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসে তাদের বক্তব্য ও কর্মকাণ্ড সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াত আমিরের দেওয়া ওই এক্স পোস্টে নারীদের বিষয়ে সংগঠনটির অবস্থান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি অভিযোগ করেন, বিশেষ করে কর্মজীবী নারীদের ওই পোস্টে অবমাননাকর ভাষায় উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে দেশ ও দেশের বাইরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে জামায়াত আমির দাবি করেন, তার সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হয়েছিল।
উল্লেখ্য, সম্প্রতি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে দলটির পক্ষ থেকে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে ওই পোস্ট প্রকাশিত হয়েছে।