
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সেন্ট মার্টিন দ্বীপবাসীর দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার অবসান ঘটানো হবে। তিনি জানান, দ্বীপবাসীর কষ্ট তিনি গভীরভাবে উপলব্ধি করেন এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাল দ্বীপে পরিবেশ সংরক্ষণ করে কীভাবে বসবাস ও জীবিকা নির্বাহ করা হয়—সে বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সেন্ট মার্টিন বাজারে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন সেন্ট মার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্ট মার্টিন যুবদলের যুগ্ম আহ্বায়ক আয়াত উল্লাহ কুমেনি।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করেই সারা বছর সেন্ট মার্টিনে পর্যটন কার্যক্রম চালু রাখা সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে সে অনুযায়ী টেকসই ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি বলেন, পরিবেশ রক্ষা যেমন জরুরি, তেমনি মানুষের জীবন ও জীবিকাও সুরক্ষিত রাখতে হবে। শুধু পরিবেশের অজুহাতে মানুষের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে সেন্ট মার্টিনের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
শাহজাহান চৌধুরী আরও বলেন, সেন্ট মার্টিনের যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিদেশি পর্যটকদের সঙ্গে যোগাযোগ সহজ করতে ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
দ্বীপের নয়টি ওয়ার্ডে পল্লী চিকিৎসা ব্যবস্থা চালু, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, নতুন দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী। একই সঙ্গে বিএনপি ক্ষমতায় এলে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে তাকে বিজয়ী করলে সংসদে গিয়ে সেন্ট মার্টিনবাসীর সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরবেন।
জনসভায় বক্তব্য দেন সেন্ট মার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম। তিনি বলেন, পর্যটন বন্ধ থাকায় দ্বীপের মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। টমটম ও ভ্যানচালকদের দুরবস্থা দেখে তিনি ব্যথিত বলেও মন্তব্য করেন। তার অভিযোগ, বহিরাগত ব্যবসায়ীরা লাভবান হলেও স্থানীয়রা ন্যায্য অংশ থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ছাড়া জনসভায় আরও বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাছান ছিদ্দিক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সেন্ট মার্টিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ তাহের শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
সভায় সেন্ট মার্টিনের বাসিন্দারা দ্বীপের বিভিন্ন সমস্যা তুলে ধরলে, নির্বাচিত হলে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী।