
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার জন্য একটি মহল সব সময় ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে এবার সেই চেষ্টা সফল হবে না। কারণ দেশের মানুষ জেগে উঠেছে এবং তারা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে—ভোট তারা দেবেই, তা কেউ ঠেকাতে পারবে না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো ধরনের গণ্ডগোল সৃষ্টি করতে না পারে। তিনি বলেন, হিন্দু-মুসলমান সবাই যেন একসঙ্গে নির্বিঘ্নে ভোট দিতে পারে—সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। কেউ যেন দুষ্টামি বা বিশৃঙ্খলা করার সাহস না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, আগামী ১২ তারিখে সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়াবেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পথসভা চলাকালে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ ও নিজ হাতে পালন করা মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এই ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একপর্যায়ে তার চোখে জল চলে আসে, যা উপস্থিত জনতার মাঝেও গভীর আবেগের সৃষ্টি করে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এই দৃশ্য পথসভায় উপস্থিত মানুষের মধ্যে ভোটাধিকার ও রাজনৈতিক আন্দোলনের প্রতি নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। বক্তৃতা ও আবেগঘন ঘটনার মধ্য দিয়ে পথসভাটি শেষ হয়।