
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সমাজের প্রত্যেক মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, কোনো মানুষের ওপর জুলুম, অন্যায় কিংবা বৈষম্য করা হবে না। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গড়ে তোলাই জামায়াতের মূল লক্ষ্য।
শনিবার মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি তুলে ধরেন।
অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন, জামায়াত জনগণের ওপর শাসন করতে নয়, বরং মানুষের খেদমত করতেই রাজনীতিতে এসেছে। তিনি বলেন, জনগণ যদি দায়িত্ব পালনের সুযোগ দেয়, তাহলে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে সে দায়িত্ব পালন করা হবে। সমাজের প্রত্যেক মানুষের প্রাপ্য অধিকার তাদের বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াত শুধু মানুষের কাছেই নয়, পরকালে আল্লাহর দরবারেও জবাবদিহির বিষয়ে বিশ্বাসী। সেই দায়বদ্ধতা ও ভয় অন্তরে ধারণ করেই মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চায় দলটি। তার ভাষায়, ক্ষমতা অর্জন জামায়াতের মূল লক্ষ্য নয়; মানুষের কল্যাণই তাদের রাজনীতির মূল উদ্দেশ্য।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, মিরসরাইবাসীর সেবা করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে মিরসরাইকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে এলাকাটিকে একটি আদর্শ জনপদে রূপান্তরের অঙ্গীকার করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা প্রভাষক আশরাফ, সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, মিঠাছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. আসগর হোসেন, সাবেক ছাত্রনেতা জিয়া উল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেদোয়ান, মো. হারুনসহ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।