
দিনাজপুরের হিলিতে যান্ত্রিক ত্রুটির কারণে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে সব বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে শনিবার (৩১ জানুয়ারি) সকালে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।
রেলওয়ে সূত্র জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটের দিকে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় পৌঁছালে হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনের স্প্রিং ও কাপলিংয়ে ত্রুটি দেখা দেয়। এ সময় ইঞ্জিন থেকে বগিগুলোর হুক খুলে গিয়ে সব বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান, ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়, আর বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে পড়ে।
দুর্ঘটনার পরপরই রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই রুটে চলাচলকারী একাধিক ট্রেন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে বিলম্বের শিকার হন।
ট্রেনের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ইঞ্জিনের কাপলিং খুলে যাওয়ার কারণে এই ‘পার্টিং’ ঘটনা ঘটে। পরে টিএক্সআর (ট্রেন এক্সামিনার) বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে বগিগুলো পরীক্ষা করেন। নিরাপত্তার স্বার্থে ট্রেনটি সীমিত গতিতে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, বগিগুলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের জন্য বিরামপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতায় সকাল সাড়ে ১০টার দিকে লাইন ক্লিয়ার করা সম্ভব হয়। এরপর ধীরে ধীরে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যান্ত্রিক ত্রুটির কারণে এমন দুর্ঘটনা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।