
অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন চিত্রনায়িকা খাদিজা বর্ষা। ধর্মীয় আচার-অনুশীলনে মনোযোগী এই নায়িকা নিয়মিত ধর্মীয় বই পাঠেও সময় দিচ্ছেন। সম্প্রতি তেমনই একটি বই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি শেয়ার করেন বর্ষা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, দীর্ঘদিন ধরেই বইটি পড়ার ইচ্ছা ছিল। অবশেষে তিনটি কপি অর্ডার করে তা হাতে পেয়েছেন বলে জানান তিনি। এর মধ্যে দুটি বই তিনি তার বোনদের জন্য নিয়েছেন।
বর্ষা আরও লেখেন, জীবনে তিনি খুব বেশি কিছু জানেন না বলে মনে করেন, তবে ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার মাধ্যমে অনেক নতুন বিষয় জানতে পারবেন বলে আশাবাদী। তিনি লেখক ড. মিজানুর রহমান আজহারীকে এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান এবং তার মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, গত বছর ওমরাহ পালন শেষে অভিনয় জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান বর্ষা। তিনি বলেছিলেন, সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পারিবারিক জীবনে বেশি সময় দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। তবে বিভিন্ন ফটোসেশন ও সামাজিক অনুষ্ঠানে মাঝে মাঝে উপস্থিত থাকতে দেখা যায় তাকে।
বর্ষার চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে। এতে তার বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল। পরবর্তীতে ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।