
ভোলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভোলা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ফজলুল করিমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তার কর্মী-সমর্থকেরা। প্রচারণাকালে তারা মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ি এলাকায় পৌঁছালে সেখানে উপস্থিত বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়।
এ সময় টবগী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ ও তার ভাইয়ের সঙ্গে একই ইউনিয়নের জামায়াত আমীর আব্দুল হালিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কথাকাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সংঘর্ষে বিএনপি ও জামায়াতের অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এমন সহিংসতা এলাকায় উত্তেজনা বাড়াচ্ছে।