
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই কেন্দ্রীয় নেতার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক কর্মকর্তার বৈঠকের দাবি করা যে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি বলে জানিয়েছে অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে দ্য ডিসেন্ট এ সংক্রান্ত অনুসন্ধান ও বিশ্লেষণের তথ্য প্রকাশ করে। সেখানে জানানো হয়, Shafin Rahman নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে চারটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছিল—বিএনপির দুই নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল আউয়াল মিন্টুকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে। পোস্টে আরও বলা হয়, কয়েকটি OSINT প্ল্যাটফর্মের বরাতে ছবিগুলো সংগ্রহ করা হয়েছে এবং মেটাডাটা যাচাই করে সেগুলোর সত্যতা শতভাগ নিশ্চিত করা হয়েছে।
তবে দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। তাদের বিশ্লেষণ অনুযায়ী, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বা বিকৃত করা হয়েছে।
দ্য ডিসেন্ট জানায়, ভাইরাল হওয়া চারটি ছবির মধ্যে দুটিতে আব্দুল আউয়াল মিন্টু এবং অন্য দুটিতে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে একই ব্যক্তির সঙ্গে বৈঠক করতে দেখা যায়। এর মধ্যে একটি ছবির মূল সংস্করণ নয়াদিল্লির Oberoi হোটেলের গুগল রিভিউতে Ranjan Jha নামের এক ব্যবহারকারীর অ্যাকাউন্টে পাওয়া গেছে, যা ছয় বছর আগে পোস্ট করা হয়েছিল। সেই মূল ছবির সঙ্গে তুলনা করে দেখা গেছে, এআইয়ের মাধ্যমে সেটিকে সম্পাদনা করে নতুন চরিত্র যুক্ত করা হয়েছে।
এছাড়া, চারটি ছবিকে তিনটি ওপেনসোর্স এআই ইমেজ ডিটেকশন টুলে পরীক্ষা করে দেখা হলে একটি ছবিকে নিশ্চিতভাবে এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করা হয়। অন্য ছবিগুলোর ক্ষেত্রেও টুলগুলো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত দিতে না পারলেও মিল ও অমিলগুলো কৃত্রিমভাবে ছবি তৈরির দিকেই ইঙ্গিত করে বলে দ্য ডিসেন্ট উল্লেখ করেছে।
আরও বলা হয়, ছবিগুলোতে ভিন্ন ভিন্ন বছরের বৈঠক দাবি করা হলেও একাধিক ছবিতে ক্যামেরার অ্যাঙ্গেল, পেছনের দৃশ্য এবং আশপাশে থাকা ব্যক্তিদের শারীরিক গঠন ও অঙ্গভঙ্গিতে অস্বাভাবিক মিল পাওয়া গেছে, যা বাস্তব পরিস্থিতিতে অস্বাভাবিক বলে মনে করছে সংবাদমাধ্যমটি।
দ্য ডিসেন্টের বিশ্লেষণে আরও উঠে আসে, Shafin Rahman তার পোস্টের মন্তব্যে যে ভিডিওকে ছবিগুলোর উৎস হিসেবে দেখিয়েছেন, সেটি একইদিন Indus Sentinel Grid নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল। এই অ্যাকাউন্টটি পাকিস্তান থেকে পরিচালিত বলে শনাক্ত করা হয়েছে এবং এর আগের বহু পোস্টেই বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য প্রচারের নজির রয়েছে।
সবশেষে দ্য ডিসেন্ট জানায়, যেহেতু ছবিগুলো এআই দিয়ে তৈরি বলে প্রমাণ পাওয়া গেছে, সেহেতু সেগুলোর ‘মেটাডাটা যাচাই করে সত্যতা নিশ্চিত করার’ দাবিও বাস্তবসম্মত নয়।