
দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ সীমান্ত রাফাহ ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) রাফাহ ক্রসিং পুনরায় চালু করা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ইসরাইলের দখলকৃত অঞ্চলবিষয়ক সরকারি সংস্থা ‘কোঅর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ’ (সিওজিএটি) এক বিবৃতিতে জানায়, নির্ধারিত তারিখে রাফাহ ক্রসিং সবার জন্য খুলে দেওয়া হবে। তবে প্রতিদিন কতজন মানুষ সীমান্ত অতিক্রম করতে পারবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
গাজার বাসিন্দাদের জন্য, বিশেষ করে অসুস্থ ও চিকিৎসাপ্রার্থী রোগীদের ক্ষেত্রে, রাফাহ ক্রসিংকে দীর্ঘদিন ধরেই ‘বিশ্বের সঙ্গে সংযোগের একমাত্র প্রবেশদ্বার’ হিসেবে বিবেচনা করা হয়। ২০২৪ সালের মে মাসে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সামরিক অভিযান পরিচালনার পর ক্রসিংটির নিয়ন্ত্রণ নেয় ইসরাইল। এরপর সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলে গাজা উপত্যকা আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মানবিক সংকট বহুগুণে বেড়ে যায়।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইল-হামাস যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবেই রাফাহ ক্রসিং পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, এই পদক্ষেপ যুদ্ধবিরতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সিওজিএটি আরও জানিয়েছে, যুদ্ধের সময় যারা গাজা ছেড়ে মিশরে চলে গিয়েছিলেন, শুধুমাত্র তারাই নির্দিষ্ট শর্ত সাপেক্ষে গাজা উপত্যকায় ফিরে আসতে পারবেন। মিশরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যাবর্তন প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গাজায় ফেরার আগে প্রত্যাবর্তনকারী প্রত্যেক ব্যক্তিকে ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমোদিত নিরাপত্তা ছাড়পত্র নিতে হবে। এই নিরাপত্তা যাচাইয়ের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।
বিশ্লেষকদের মতে, রাফাহ ক্রসিং পুনরায় খোলার ফলে গাজায় চলমান মানবিক সংকট কিছুটা লাঘব হতে পারে, বিশেষ করে চিকিৎসা, ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রে। তবে সীমান্ত পারাপারের শর্ত ও সংখ্যা সীমিত থাকলে বাস্তব প্রভাব কতটা পড়বে, তা নিয়ে সংশয়ও প্রকাশ করছেন তারা।
গাজায় চলমান যুদ্ধ ও অবরোধের প্রেক্ষাপটে রাফাহ ক্রসিং পুনরায় চালুর সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহল মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে।