
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে এনসিপির এক নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়।
সন্ধ্যার পর এনসিপির ওই নেতা ও তাঁর সহযোগীরা দরবেশ বাজার এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এনসিপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, চানন্দী ইউনিয়নের নদীর তীরে করিম বাজার এলাকায় একটি পিচঢালাই রাস্তা কেটে ইট, বালু ও পাথর বিক্রি করছিল স্থানীয় বিএনপির নেতা সারোয়ার মাঝি, চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রবি আলম শান্তসহ কয়েকজন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বাসায় ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে বিএনপির সশস্ত্র লোকজন এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে দাবি করা হয়।
এনসিপির দাবি অনুযায়ী, সংঘর্ষের সময় তাদের অন্তত আটটি মোটরসাইকেল লুট করা হয়েছে। আহত নেতাকর্মীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপির অভিযোগ অস্বীকার করা হয়। বিএনপির দাবি, দরবেশ বাজার এলাকার বালু ব্যবসায়ী জাকের ব্যাপারী ও ইঞ্জিনিয়ার তানবিরের লোকজন স্থানীয়দের দাবির মুখে বালু পরিবহনে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করছিল। এ সময় এনসিপির লোকজন ভিডিও ধারণ করে বিএনপির নেতাকর্মীরা মাটি বিক্রি করছে—এমন মিথ্যা প্রচারণা চালায়।
বিএনপির অভিযোগ অনুযায়ী, এ বিষয়ে প্রতিবাদ জানালে এনসিপি সমর্থিত লোকজন দরবেশ বাজার এলাকায় সড়কের মুরুব্বিদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। বিএনপির দাবি, চানন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমানে এনসিপি নেতা নূর আলম রিপনের নেতৃত্বে এনসিপির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা সারোয়ার ও প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারুকে আহত করে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।