
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দেশে যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার আওতায় মাত্র ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ পাবেন তারা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই উদ্যোগের বিস্তারিত জানানো হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে একদিকে যেমন প্রবাসী কর্মীরা আর্থিকভাবে উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও উল্লেখযোগ্য আর্থিক লাভের সুযোগ পাবে।
তিনি বলেন, বিশেষ করে হজ ফ্লাইট পরিচালনার সময় আগে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে চর্চা ছিল, এই উদ্যোগের মাধ্যমে সেটিকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকারও বেশি আয় করার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।
শেখ বশিরউদ্দীন আরও জানান, এই বিশেষ ব্যবস্থার আওতায় মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। আর মদিনা–ঢাকা–মদিনা এবং জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার টাকা।
বাংলাদেশে আসার ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে আগামী ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত।
এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী ও কার্যকর সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
তবে অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, প্রবাসীদের সুবিধা বিবেচনায় নেওয়া অনেক ভালো উদ্যোগ সঠিক বাস্তবায়ন ও নজরদারির অভাবে টেকসই হয়নি। তাই এই উদ্যোগটি যেন শতভাগ কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।