
৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, এবারের বিসিএসে মোট আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫টি। এর মধ্যে সর্বাধিক ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। বাকি পদগুলো অন্যান্য ক্যাডার ও নন-ক্যাডার পদে পূরণ করা হবে।
পিএসসি জানিয়েছে, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের জন্য সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ সামগ্রী, গহনা, ব্যাগ ও মানিব্যাগ বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল।
কেন্দ্রে প্রবেশের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করা হয়। পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হয়, যাতে কোনো ধরনের নিষিদ্ধ সামগ্রী কেন্দ্রে প্রবেশ না করতে পারে।
এর আগে, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ ও পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে পরীক্ষার দিন কেন্দ্রের নিয়মাবলি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পিএসসি। তবে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।