
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে গান শোনানো ও নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দিয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরেরা। এ সময় তারা জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, বিশেষ চাহিদাসম্পন্ন এই শিশু ও কিশোরেরা সিএসএফ গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় বৃত্তিমূলক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছে। প্রশিক্ষণের অংশ হিসেবে তারা হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী প্রস্তুত করে, যা অনুষ্ঠানে তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় তারেক রহমান শিশুদের পরিবেশিত গান মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের উদ্যোগ ও প্রতিভার প্রশংসা করেন। আয়োজকদের মতে, এমন আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আত্মবিশ্বাস ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। হুইলচেয়ার পেয়ে অনেক শিশু ও তাদের অভিভাবক আবেগাপ্লুত হয়ে পড়েন।
এই আয়োজনের আয়োজন ও সঞ্চালনা করেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম এ মুহিত। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ দলটির স্থানীয় নেতারা।
অনুষ্ঠান শেষে তারেক রহমান বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করেন বলে দলীয় সূত্রে জানানো হয়।