
নতুন বছরের শুরুতেই নিজের অভিনয় ক্যারিয়ারে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য যোগ করলেন অভিনেত্রী জয়া আহসান। কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে কুসুম চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেয়েছেন জয়া।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘“পুতুলনাচের ইতিকথা” সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪ আয়োজনে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।’ তাঁর এই পোস্টে বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা এবং অসংখ্য ভক্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ প্রথম প্রকাশিত হয় ভারতবর্ষ সাময়িকীতে ১৯৩৪ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে। প্রকাশের প্রায় ৯০ বছর পর সেই উপন্যাস অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্রটি। গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুতুলনাচের ইতিকথা’।
চলচ্চিত্রে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তাঁর বিপরীতে শশী চরিত্রে দেখা গেছে আবীর চট্টোপাধ্যায়কে। এ ছাড়া কুমুদ, যাদব ও সেনদিদি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।
কুসুম চরিত্রটি নিয়ে এর আগে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেছিলেন, কুসুম এমন এক নারী চরিত্র, যে নিজের কামনা-বাসনা লুকিয়ে রাখে না। তাঁর ভাষায়, ‘বরাবর নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু কুসুমেরও নিজের কামনা-বাসনা রয়েছে, যা সে লুকোয় না। কুসুম একটা খোলা বইয়ের মতো। তার মন, শরীর ও আত্মা একই রকম।’
জয়া আরও বলেন, কুসুম চরিত্রের সবচেয়ে বড় শক্তি হলো সে শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। এই খোলা মনের, সতেজ চরিত্রই দর্শকদের কাছে কুসুমকে আলাদা করে তুলে ধরেছে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ ও কলকাতা—দুই বাংলাতেই ধারাবাহিকভাবে প্রশংসিত অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান দৃঢ় করেছেন জয়া আহসান। নতুন বছরের শুরুতেই এই পুরস্কার তাঁর অভিনয়জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে যুক্ত হলো।