
ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে ভুল তথ্যে জামিন ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তাদের সবার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়। তারা তারাকান্দা থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
ময়মনসিংহ র্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. শামসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় ভুল তথ্যে কারা কর্তৃপক্ষ তারাকান্দা থানার হত্যা মামলার তিন আসামিকে জামিন ছাড়াই মুক্তি দেয়।
তিনি বলেন, “ভুল তথ্যে কারামুক্ত হওয়া তিন আসামিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”
এদিকে, জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তির খবর প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
একই সঙ্গে এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “এ ঘটনায় ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।”
তিনি আরও জানান, হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে ভুল করার কারণেই আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। “মূলত দায়িত্বরত কর্মকর্তার ভুলেই এ ঘটনা ঘটেছে। হাজিরা পরোয়ানাটি সঠিকভাবে পড়লে এমনটি হতো না,”—বলেন তিনি।
ডিআইজি প্রিজন্স আরও জানান, তদন্তে যদি অন্য কারও বিরুদ্ধে কর্তব্য অবহেলার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।