
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কলারোয়া উপজেলার চন্দরপুর এলাকায় পূর্বনির্ধারিত একটি নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। জনসভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে হঠাৎ অসুস্থ বোধ করলে মঞ্চেই তিনি দুর্বল হয়ে পড়েন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিবুল ইসলাম হাবিব মঙ্গলবার রাত থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বুধবার সকালেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তবে চন্দরপুরে আয়োজিত জনসভায় মানুষের ব্যাপক উপস্থিতি থাকায় অসুস্থতা সত্ত্বেও তিনি সেখানে যোগ দেন।
বিএনপি নেতা জিয়াউর রহমান জানান, “বুধবার রাত থেকেই হাবিবুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবুও তিনি জনসভায় অংশ নেন। বক্তব্য দেওয়ার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।”
এ ঘটনায় জনসভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। পরে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
চিকিৎসকদের পক্ষ থেকে তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।