
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি এক যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি মানবতাবিরোধী অপরাধে আমৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি মো. জাহিদ। তার বন্দি নম্বর ছিল কয়েদি-৭৭১৬/এ। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তিনি সুনামগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা এবং অশোক উল্লাহর ছেলে।
কারাসূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এরপর থেকে তিনি মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরবর্তী করণীয় বিষয়ে কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হবে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হিসেবে মো. জাহিদ দীর্ঘদিন ধরে কারাবন্দি ছিলেন। অসুস্থতার কারণে তাকে কারাগার থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।