
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে শুক্রবার (৩০ জানুয়ারি) নির্ধারিত সময়েই এ পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো আইনগত বাধা থাকল না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী গণমাধ্যমকে জানান, হাইকোর্ট সরাসরি রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। ফলে পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুক্রবারই ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, দেশের ৮টি বিভাগীয় শহরের মোট ১৯০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৮ জানুয়ারি চারজন পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ৩০ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন তারিখ নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়েছিল।
রিট আবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়।
চলতি ৫০তম বিসিএসে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি। এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়া হবে।