
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে একটি ডিজিটাল উদ্যোগ নিয়েছেন বিএনপি প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ভোটারদের সমস্যা জানার জন্য তিনি ‘হ্যালো বাবুল’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছেন।
এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের ব্যক্তিগত সমস্যা ও এলাকার বিভিন্ন উন্নয়নসংক্রান্ত বিষয় বাবুলের কাছে জানাতে পারবেন। পাশাপাশি তিনি নিজেও এসব সমস্যার বিষয়ে পরামর্শ দেবেন এবং সমাধানের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
অ্যাপটি চালুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে শহিদুল ইসলাম বাবুল তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। আমাদের ‘হ্যালো বাবুল’ অ্যাপের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষ আমাদের মেসেজ দিচ্ছেন এবং তাদের সমস্যার কথা লিখছেন।”
তিনি আরও লেখেন, “ইনশাআল্লাহ, শুধু নির্বাচনের সময়ই নয়, ফরিদপুর-৪ আসনের মানুষের সঙ্গে সবসময় এভাবেই কানেক্টেড থাকতে চাই। দোয়ায় রাখবেন।”
এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। বাবুলের পোস্টের মন্তব্য ঘরে বিভিন্নজন তার এই ডিজিটাল উদ্যোগের প্রশংসা করেছেন। আসিফ জায়েদী নামের একজন মন্তব্যে লেখেন, “সুন্দর উদ্ভাবনী ধারণা। অ্যাপ্রিশিয়েট।” শাওন বিশ্বাস লেখেন, “সত্যিই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।” মাশরুর রহমান মন্তব্য করেন, “ইনোভেটিভ আইডিয়া।” এছাড়া সাজ্জাদ হোসেন নামের একজন লেখেন, “জনতার আরও কাছাকাছি শহিদুল ইসলাম বাবুল ভাই।”
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট বলেন, এটি তাদের প্রার্থী বাবুলের একটি ব্যতিক্রমী ও কার্যকর উদ্যোগ। তার ভাষায়, “এই অ্যাপের মাধ্যমে ফরিদপুর-৪ আসনের তিন উপজেলার মানুষ সরাসরি অ্যাপে মেসেজ পাঠিয়ে বা ফোন করে বাবুলের কাছে তাদের এলাকার ও ব্যক্তিগত সমস্যার কথা জানাতে পারছেন।”
তিনি আরও বলেন, শহিদুল ইসলাম বাবুল এসব সমস্যার কথা শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছেন। এই উদ্যোগ জনগণের সঙ্গে বিএনপি প্রার্থীর যোগাযোগ আরও সহজ ও ঘনিষ্ঠ করেছে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মতে, প্রযুক্তিনির্ভর এমন উদ্যোগ নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছে এবং সাধারণ মানুষের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হচ্ছে।