
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তারেক রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সেখানে তিনি শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির আয়োজিত বৃহৎ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন। রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহ্ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, রাজশাহী সফর শেষে বিকেলে নাটোরের কাজীর মোড় এতিম মাঠে এবং সন্ধ্যায় বগুড়ার আলফাতুন্নেছা খেলার মাঠে পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। ওই রাত তিনি বগুড়াতেই অবস্থান করবেন।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত রংপুরবাসীর জন্য একটি আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে তিনি মন্তব্য করেন।
এদিকে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনের প্রার্থী সামসুজ্জামান সামু জানান, দলের চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তার মতে, কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত জনসভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, রংপুরের জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠ প্রস্তুত, মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন এবং স্বেচ্ছাসেবক টিম গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিএনপি নেতাকর্মীদের আশা, এই জনসভা রংপুরসহ উত্তরবঙ্গের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে তারেক রহমান পুনরায় বগুড়ায় অবস্থান করবেন। পরদিন ৩১ জানুয়ারি তার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।