
পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা ও সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পাকিস্তানে অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি বাড়ায় ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হালনাগাদ সতর্কবার্তায় পাকিস্তানকে লেভেল-৩ ক্যাটাগরিতে রাখা হয়েছে, যার অর্থ হলো—ভ্রমণের আগে ঝুঁকি পুনর্বিবেচনা করা উচিত। এই স্তরটি উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয় বলে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, পাকিস্তানে যেকোনো সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিংমল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবনের কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিছু অংশকে লেভেল-৪: ‘ডু নট ট্রাভেল’ বা ভ্রমণ নিষেধাজ্ঞা স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতার সর্বোচ্চ স্তর। ওইসব এলাকায় কোনো পরিস্থিতিতেই ভ্রমণ না করার জন্য মার্কিন নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, লেভেল-৪ এলাকায় হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে। এসব ঘটনার শিকার হচ্ছেন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ নাগরিকরাও। এই সতর্কতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও সতর্ক করেছে যে, পাকিস্তানে অনুমতি ছাড়া কোনো বিক্ষোভ বা রাজনৈতিক সমাবেশে অংশ নেওয়া আইনত নিষিদ্ধ। এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে অতীতে একাধিক মার্কিন নাগরিক আটক হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
ব্যাখ্যায় বলা হয়েছে, লেভেল-৩ সতর্কতা এমন অঞ্চলকে নির্দেশ করে, যেখানে গুরুতর নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং ভ্রমণের আগে বিকল্প পরিকল্পনা ও ঝুঁকি মূল্যায়নের প্রয়োজন হয়। অন্যদিকে লেভেল-৪ সতর্কতা সর্বোচ্চ মাত্রার ঝুঁকির প্রতীক, যেখানে সব ধরনের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে ভ্রমণ নির্দেশনায় আরও পরিবর্তন আনা হতে পারে।