
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। তবে দেশটি নিজ উদ্যোগে, অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পরিস্থিতির সার্বিক খোঁজখবর রাখবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, মার্কিন প্রতিনিধি দল নির্বাচন কমিশনকে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র সরকারিভাবে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। তবে যুক্তরাষ্ট্র থেকে একটি স্বাধীন পর্যবেক্ষক দল আসবে এবং একই সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনাসহ বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষণ নয়। তারা কেবল নিজেদের মতো করে দেখতে চান ভোটের পরিস্থিতি কীভাবে পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বলেও জানান তিনি।
ইসি সচিব বলেন, বৈঠকে মার্কিন প্রতিনিধিরা নির্বাচন পরিচালনার সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে তাদের আগ্রহ বেশি ছিল। এ বিষয়ে কমিশনের প্রস্তুতি, কার্যপ্রণালি এবং নমুনা ব্যালট তাদের সামনে উপস্থাপন করা হয়।
পোস্টাল ব্যালট ব্যবস্থাকে জটিল ও কষ্টসাধ্য প্রক্রিয়া হিসেবে উল্লেখ করলেও মার্কিন প্রতিনিধিরা নির্বাচন কমিশনের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং সফল নির্বাচন আয়োজনের জন্য শুভকামনা জানিয়েছেন বলে জানান আখতার আহমেদ।
বৈঠকে নির্বাচন সংক্রান্ত আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। ইসি সচিব জানান, কমিশনের ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি ও কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল সক্রিয় রয়েছে এবং এসব ব্যবস্থার মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি ও তদারকি করা হচ্ছে।
আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পর্কেও মার্কিন প্রতিনিধিরা জানতে চান। এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, নির্বাচনে বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। এই তথ্য শুনে মার্কিন প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
আখতার আহমেদ আরও বলেন, মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং একটি সুষ্ঠু ও সফল নির্বাচন আয়োজনের ব্যাপারে তারা আশাবাদী বলে জানিয়েছেন।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদও বৈঠকে অংশ নেন।