
কুমিল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটির মহানগর কমিটি। আগামী ৩০ জানুয়ারি নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর গোল্ডেন স্পুন অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা মহানগর জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির এবং কুমিল্লা-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে একটি ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে।
কাজী দ্বীন মোহাম্মদ জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দও জনসভায় বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, জনসভাকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো টাউন হল মাঠজুড়ে উন্নতমানের সাউন্ড সিস্টেম স্থাপন করা হবে। জনসভায় ১৫০টির বেশি মাইক ব্যবহার করা হবে, যাতে উপস্থিত জনতার কাছে বক্তব্য স্পষ্টভাবে পৌঁছে দেওয়া যায়।
নেতারা জানান, জনসভার মূল স্টেজ বীরচন্দ্রনগর মিলনায়তনের দ্বিতীয় তলার ছাদে স্থাপন করা হবে। জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে বলে জানান তারা।
প্রেস ব্রিফিংয়ে জামায়াত নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, কুমিল্লাসহ আশপাশের জেলা ও উপজেলার নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে জনসভাটি সফল হবে।
এ সময় জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থার কথাও তুলে ধরেন নেতারা। তারা বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা আয়োজনের জন্য স্বেচ্ছাসেবক টিমসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।