
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং জনগণের জানমালের নিরাপত্তা কেবল বিএনপির হাতেই সুরক্ষিত।
মঙ্গলবার সন্ধ্যায় চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ধানের শীষ প্রতীকের সমর্থনে কাকারা ইউনিয়ন বিএনপি এই পথসভার আয়োজন করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জনগণ স্বাধীন ও মুক্ত পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। তার ভাষায়, “এই নির্বাচনে আপনারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রকৃত গণতন্ত্রের স্বাদ ভোগ করবেন।”
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, ছিল না বাকস্বাধীনতা। নিরাপদ ও সুষ্ঠু ভোটাধিকার থেকেও মানুষ বঞ্চিত ছিল বলে দাবি করেন তিনি। সালাহউদ্দিন আহমদের মতে, দীর্ঘদিন মানুষের মৌলিক অধিকার দমন করা হয়েছিল।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর জনগণ আবার তাদের হারানো অধিকার ফিরে পেয়েছে। তিনি বলেন, “এখন আমরা সবাই এই দেশের প্রকৃত মালিক।”
দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং বাংলাদেশকে আরও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।
নির্বাচনী পথসভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তিনি দাবি করেন, বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, ততবারই সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আসন্ন নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে দায়িত্ব বিএনপির নেতাকর্মীরাই পালন করবে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিএনপি আজীবন কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন।
কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামা দলের সভাপতি আলী হাছান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন আলতাফ, সদস্য সচিব মাওলানা মুফতি আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ছাবু এবং রোটারিয়ান শফি উল্লাহসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।