
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, লাগেজসহ বিভিন্ন গার্মেন্টস পণ্য উৎপাদনে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পার্ক হ্যান্ডব্যাগ বিডি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
একই সঙ্গে ওই অর্থনৈতিক অঞ্চলে গার্মেন্টস অ্যাকসেসরিজ উৎপাদনে বিনিয়োগ করছে চীনা কোম্পানি হুয়াজু এক্সেসরিজ। প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ দুটি বিনিয়োগের মাধ্যমে মিরসরাই অঞ্চলে নতুন শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে বেপজা।
এ লক্ষ্যে বেপজার সঙ্গে পৃথক পৃথক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। মঙ্গলবার রাজধানীর গ্রিন রোডে বেপজা কার্যালয়ে চীনা কোম্পানি হুয়াজু এক্সেসরিজের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়াজু এক্সেসরিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইয়াং ইয়ানমেই চুক্তিতে স্বাক্ষর করেন।
এর আগের দিন সোমবার একই কার্যালয়ে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান পার্ক হ্যান্ডব্যাগ বিডির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বেপজা। এতে বেপজার পক্ষে মো. তানভীর হোসেন এবং পার্ক হ্যান্ডব্যাগ বিডির পক্ষে চেয়ারম্যান বোমজুন পার্ক স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য আবদুল্লাহ আল মামুন, আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম, সমীর বিশ্বাস, এএসএম আনোয়ার পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরসরাইয়ে পার্ক হ্যান্ডব্যাগ বিডির কারখানাটি প্রায় ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমির ওপর স্থাপন করা হবে। কারখানাটি পূর্ণমাত্রায় চালু হলে প্রায় ১০ হাজার ৯৬০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।
এই কারখানায় হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক ও লাগেজের পাশাপাশি নিট ও ওভেন গার্মেন্টস পণ্য—যেমন পোলো শার্ট, টি-শার্ট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ট্রাউজার, স্পোর্টসওয়্যার ও আন্ডারগার্মেন্টস উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।
চুক্তি অনুষ্ঠানে পার্ক হ্যান্ডব্যাগ বিডির চেয়ারম্যান বোমজুন পার্ক জানান, তাঁদের প্রতিষ্ঠান কোচ ও কেট স্পেডের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য ব্যাগ উৎপাদন করবে। তিনি বাংলাদেশকে একটি সম্ভাবনাময় ও প্রতিযোগিতামূলক উৎপাদন কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে চীনা প্রতিষ্ঠান হুয়াজু এক্সেসরিজের কারখানায় বছরে প্রায় ৪০ লাখ কেজি ব্রা কাপ, ব্রা ওয়্যার, হুক অ্যান্ড আই, ইলাস্টিক, ওয়েবিং টেপ, ড্র-স্ট্রিং, স্লাইডার, স্ন্যাপ বাটন, লোগো, ব্যাগ ও লাগেজ হার্ডওয়্যারসহ বিভিন্ন উপকরণ উৎপাদন করা হবে। এই কারখানায় প্রায় ১ হাজার ৩৯৫ জন বাংলাদেশির কর্মসংস্থান হবে বলে জানিয়েছে বেপজা।