
অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ভূমধ্যসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৫০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটি উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার পর অভিবাসীরা প্রায় ২৪ ঘণ্টা ধরে পানিতে ভেসে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
মাল্টার উদ্ধারকারী দল জানায়, শুক্রবার (২৪ জানুয়ারি) তিউনিসিয়ার উপকূলের কাছাকাছি একটি কার্গো জাহাজ থেকে একজন পুরুষ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য মাল্টায় স্থানান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া ওই ব্যক্তি কোন দেশের নাগরিক এবং নৌকাটিতে কোন কোন দেশের অভিবাসীরা ছিলেন—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নিহতদের পরিচয় শনাক্তের কাজও চলমান রয়েছে।
জানা গেছে, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা উন্নত জীবনের আশায় নিয়মিতভাবেই তিউনিসিয়া ও লিবিয়ার মতো উত্তর আফ্রিকান দেশগুলোর উপকূল থেকে ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তবে এসব নৌযাত্রা অত্যন্ত বিপজ্জনক হওয়ায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, ভূমধ্যসাগর বর্তমানে বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন রুটে পরিণত হয়েছে। কঠোর সীমান্তনীতি, মানবপাচারকারী চক্রের দৌরাত্ম্য এবং নিরাপদ বিকল্প পথের অভাবে অভিবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে এ যাত্রায় বাধ্য হচ্ছেন।
এই ঘটনায় নতুন করে অভিবাসন সংকট ও নিরাপদ অভিবাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।