
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার নোয়াখালী সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সোমবার রাতে নোয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এই তথ্য নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির খন্দকার ইসহাক। তিনি জানান, শুক্রবার সকালে অনুষ্ঠিতব্য এই জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
খন্দকার ইসহাক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের পক্ষ থেকে দেশব্যাপী গণসংযোগ ও জনসভা কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নোয়াখালীতে এই বড় জনসভার আয়োজন করা হচ্ছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
জানা গেছে, জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে নোয়াখালী জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভা সফল করতে নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন। দলীয় সূত্রে জানানো হয়, এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
নেতাকর্মীরা মনে করছেন, নোয়াখালীতে জামায়াত আমিরের এই সফর ও জনসভা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
প্রেস বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের প্রচার সম্পাদক ডা. বোরহান উদ্দিন, নোয়াখালী শহর আমির মাওলানা ইউসুফ, শহর সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ এবং ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দলীয় নেতারা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনসভা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।