
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের উদ্যোগ ‘জনতার ইশতেহার’-এ ৩৭ হাজারের বেশি মতামত জমা পড়েছে। এই উদ্যোগে অংশ নেওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জনগণের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত, ব্যাপক ও আন্তরিক অংশগ্রহণে এই উদ্যোগ একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জনতার ইশতেহার’ উদ্যোগে অংশগ্রহণকারী দেশের সর্বস্তরের মানুষের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। জনগণের অংশগ্রহণ দলকে অনুপ্রাণিত করেছে এবং এটি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘জনতার ইশতেহার’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এরপর থেকে দেশের বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ দায়িত্ববোধ, সচেতনতা ও আগ্রহ নিয়ে সেখানে নিজেদের মতামত প্রদান করেছেন।
পোস্টে আরও জানানো হয়, এখন পর্যন্ত পাওয়া মতামতগুলো জাতীয় খাতভিত্তিক, ৩০০ সংসদীয় আসনভিত্তিক, পেশাভিত্তিক এবং অঞ্চল, শহর ও জেলাভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। এর মাধ্যমে দেশের নানা প্রান্তের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও ও ভিডিও মতামতও জমা পড়েছে। এসব অডিও-ভিডিও মতামতের মাধ্যমে জনগণের অনুভূতি, বাস্তব অভিজ্ঞতা ও চিন্তাভাবনা আরও স্পষ্টভাবে উঠে এসেছে বলে জানান জামায়াতের আমির।
ফেসবুক পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের এই ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করে যে প্রণীত ইশতেহার প্রকৃত অর্থেই হবে ‘জনতার ইশতেহার’। এটি জনগণের কণ্ঠস্বর, চিন্তা ও স্বপ্নের প্রতিফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, প্রাপ্ত মতামতের আলোকে একটি ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও দায়িত্বশীল আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে জামায়াতে ইসলামী এগিয়ে যাবে।