
ভারতে সাংগঠনিক কার্যক্রম দেশজুড়ে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার দুই দিনের কোর টিমের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকেকে জাতীয় আহ্বায়ক করা হয়েছে।
নতুন কমিটিতে সংগঠনের প্রধান মুখপাত্র ২৭ বছর বয়সী সৌরভ দাস এবং মুখপাত্র ৩০ বছর বয়সী আশুতোষ রাঙ্কাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া ৩৫ বছর বয়সী অজিঙ্ক্য শিন্দেকে জাতীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এবং ২৬ বছর বয়সী দীপক বালিয়ানকে সাংগঠনিক সহ-দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে।
সংগঠনের বিবৃতিতে জানানো হয়েছে, রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম জাতীয় নেতৃত্বের তালিকা অনুমোদন করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে স্টেট কো-অর্ডিনেশন কমিটি, পাশাপাশি লোকসভা ও শহরভিত্তিক সমন্বয় ইউনিট গঠনের পরিকল্পনা রয়েছে।
জাতীয় কমিটিতে আফরিন নওয়াজকে জাতীয় সম্পাদক, বিজয় রেড্ডি মাল্লাঙ্গিকে মিডিয়া প্রধান, রত্না সিংকে আইনবিষয়ক প্রধান, বৈষ্ণবী গৌরকে গবেষণা ও নীতিমালা প্রধান, রোহান দেশপান্ডেকে প্রযুক্তি প্রধান এবং যোগেশ ইংগালেকে অর্থবিষয়ক প্রধান করা হয়েছে। একই সঙ্গে উত্তর, দক্ষিণ, পূর্ব ও উত্তর-পূর্ব এবং পশ্চিম—এই পাঁচ অঞ্চলের নেতৃত্বও নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সৌরভ দাস জানান, সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে সদস্য সংগ্রহ শুরু হচ্ছে। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও শ্রমজীবীরা এতে যুক্ত হতে পারবেন। তবে সিজেপি কোনো ধরনের তহবিল সংগ্রহ করছে না বলেও সতর্ক করেছেন তিনি।
সৌরভ দাস বলেন, আপাতত সিজেপিকে রাজনৈতিক দলে রূপান্তরের পরিকল্পনা নেই। তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে পরিবর্তন আনার ওপর জোর দেবে সংগঠনটি।
এদিকে আশুতোষ রাঙ্কা জানান, সিজেপির একটি প্রতিনিধিদল শিগগির ঝাড়খন্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবে। এর আগে নয়াদিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিজেপির নেতৃত্বে আন্দোলন হয়েছিল।