
থাইল্যান্ডের জনপ্রিয় আন্তর্জাতিক কফি চেইন ‘ক্যাফে আমাজন’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্র্যান্ডটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করা হয়।
বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ এবং থাইল্যান্ডের পিটিটি অয়েল অ্যান্ড রিটেইল বিজনেস পাবলিক কোম্পানি লিমিটেড (PTT OR)-এর অংশীদারিত্বে ‘ক্যাফে আমাজন বাংলাদেশ’-এর যাত্রা শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দ্রুত বিকাশমান ভোক্তা বাজারে থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ডটির আনুষ্ঠানিক প্রবেশ ঘটল।
উদ্যোক্তাদের মতে, এটি শুধু একটি আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের উদ্বোধন নয়; বরং বাংলাদেশের আধুনিক রিটেইল, খাদ্য ও পানীয় খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মানসম্মত পণ্য, উন্নত গ্রাহকসেবা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের লক্ষ্য নিয়ে গড়ে ওঠা এই অংশীদারিত্ব বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দিকনির্দেশনায় দেশে আন্তর্জাতিক মানের ব্র্যান্ড ও আধুনিক গ্রাহক অভিজ্ঞতা সম্প্রসারণের ধারাবাহিকতায় ক্যাফে আমাজনের যাত্রা নতুন মাত্রা যোগ করেছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য ভবিষ্যতে সারা দেশে বিস্তৃত ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক গড়ে তোলা, যার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রিমিয়াম ক্যাফে সংস্কৃতি বিস্তৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর, তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিফর্ন চিরাছাওয়াদি, দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (বাণিজ্যিক) অনুসর্ন কাউতিপবিত্তায়া এবং হাঙ্গেরিয়ান-থাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট পোজ্জানা পানিয়াংভাইত।
এ ছাড়া অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা, থাইল্যান্ডের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান PTT OR-এর প্রতিনিধিরা, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, আন্তর্জাতিক মানের কফি, আধুনিক পরিবেশ এবং বৈচিত্র্যময় মেনুর মাধ্যমে ক্যাফে আমাজন বাংলাদেশের কফিপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। পাশাপাশি এই বিনিয়োগ দেশের রিটেইল ও আতিথেয়তা শিল্পে নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচন করবে।