
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং ইতিহাস সম্পর্কে আগ্রহ তৈরি করতে ‘রঙ তুলিতে জুলাই ২৪’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বয়সভিত্তিক দুটি গ্রুপে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। প্রথম গ্রুপে ৫ থেকে ৮ বছর বয়সী এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশ নেয়। অংশগ্রহণকারী শিশুরা রং ও তুলির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, দেশপ্রেম, আত্মত্যাগ এবং জাতীয় চেতনাকে নিজেদের কল্পনায় তুলে ধরার চেষ্টা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তারা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের উৎসাহিত করেন এবং তাদের সৃজনশীল কাজ ঘুরে দেখেন।
জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার বলেন, জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিশুদের আঁকা ছবিতে সেই চেতনা ও অনুপ্রেরণার বহিঃপ্রকাশ দেখা গেছে। তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস, দেশপ্রেম এবং সৃজনশীল চর্চার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে তারা কীভাবে জুলাইকে উপলব্ধি করছে, তার প্রতিফলন এই প্রতিযোগিতায় দেখা গেছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও তাৎপর্য পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, জাতীয় ইতিহাস ও মূল্যবোধকে শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।