
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত একটি স্মারক তোরণে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নির্মিত তোরণটি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, শনিবার (১ আগস্ট) বিকেলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে টুঙ্গিপাড়ায় তোরণটি নির্মাণ করা হয়। একই সঙ্গে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দেয় আয়োজকরা। তবে ওই দিন রাতেই অজ্ঞাত ব্যক্তিরা তোরণটিতে আগুন দেয় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, শনিবার রাত প্রায় ১২টার দিকে দুর্বৃত্তরা তোরণে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তোরণের একটি অংশ পুড়ে যায়। পাশাপাশি পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও নামসংবলিত অংশও ক্ষতিগ্রস্ত হয়।
পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, তোরণ নির্মাণের পর তারা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে কোটালীপাড়ায় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। পরে রাতে তারা জানতে পারেন, কে বা কারা তোরণটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
তিনি এ ঘটনাকে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মৃতির প্রতি অবমাননা উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ