
যুক্তরাষ্ট্রে চলতি বছরে হামের (মিজলস) সংক্রমণ গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাস শেষ হওয়ার আগেই দেশজুড়ে ২ হাজার ৩১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে ২০২৫ সালের পুরো বছরের সংক্রমণের সংখ্যাও ইতোমধ্যে ছাড়িয়ে গেছে।
সিডিসির প্রকাশিত তথ্য বলছে, ১৯৮৯ থেকে ১৯৯১ সালের বড় প্রাদুর্ভাবের পর এক বছরে এটিই সর্বোচ্চ সংক্রমণ। সে সময় যুক্তরাষ্ট্রে ৫৫ হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত হন এবং ১২৩ জনের মৃত্যু হয়েছিল।
জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারিবিদ্যার অধ্যাপক উইলিয়াম মস বলেন, এখনও বছরের অর্ধেকের কিছু বেশি সময় পার হয়েছে, অথচ বিভিন্ন অঙ্গরাজ্যে নতুন নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে। ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই প্রাদুর্ভাবের অন্যতম প্রধান কারণ শিশুদের মধ্যে এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা গ্রহণের হার কমে যাওয়া। কোভিড-১৯ মহামারির পর থেকে টিকাদানের হার ধারাবাহিকভাবে কমেছে। পাশাপাশি টিকা নিয়ে বিভ্রান্তি ও ভুল তথ্যও মানুষের মধ্যে অনাস্থা তৈরি করেছে।
বিশেষজ্ঞদের অভিযোগ, স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়রের টিকাবিষয়ক বিতর্কিত মন্তব্য এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এমন দাবিগুলো জনমনে টিকা নিয়ে বিভ্রান্তি বাড়িয়েছে।
সিডিসির তথ্য অনুযায়ী, আক্রান্তদের ৬৯ শতাংশই নবজাতক থেকে ১৯ বছর বয়সী শিশু ও কিশোর। এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের উল্লেখযোগ্য অংশ হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বছর পুরো বছরে যুক্তরাষ্ট্রে হামে আক্রান্ত হয়েছিল ২ হাজার ২৮৯ জন। কিন্তু ২০২৬ সালের মাত্র সাত মাসেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। যদিও জানুয়ারির পর থেকে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত সংক্রামক হলেও দুটি ডোজ এমএমআর টিকা গ্রহণ করলে প্রায় ৯৭ শতাংশ ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। অথচ বর্তমানে যুক্তরাষ্ট্রে কিন্ডারগার্টেন পর্যায়ের শিশুদের টিকাদানের গড় হার নেমে এসেছে ৯২ দশমিক ৫ শতাংশে, যা হার্ড ইমিউনিটি বজায় রাখার জন্য প্রয়োজনীয় ৯৫ শতাংশের নিচে।
বর্তমানে অন্তত ১৬টি অঙ্গরাজ্যে টিকাদানের হার ৯০ শতাংশেরও নিচে নেমে গেছে। এসব অঙ্গরাজ্যের অনেকগুলোতেই চলতি বছরে হামের সংক্রমণ সবচেয়ে বেশি দেখা গেছে।
সিডিসি আরও জানিয়েছে, চলতি বছরের আক্রান্তদের মধ্যে ৯৩ শতাংশই আগে কোনো এমএমআর টিকা নেননি। সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে সাউথ ক্যারোলাইনা, উটাহ, অ্যারিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, ভার্জিনিয়া ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০০০ সালে অর্জিত যুক্তরাষ্ট্রের হামমুক্ত (Measles Elimination) মর্যাদা ঝুঁকির মুখে পড়তে পারে। বিষয়টি নিয়ে চূড়ান্ত মূল্যায়ন আগামী নভেম্বরে করা হবে।