
বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবার দর্শক ও নাট্যপ্রেমীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নিতে যাচ্ছেন। মঞ্চনাটকের দীর্ঘ অভিজ্ঞতা, অভিনয়জীবনের নানা স্মৃতি, শিল্পচর্চার পথচলা এবং ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলবেন তিনি।
নাট্যদল অনুস্বর-এর আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ফিরে দেখা: অনুস্বর সংলাপ-৪’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠান। আগামী শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশের নাট্যচর্চার অন্যতম পথিকৃৎ ফেরদৌসী মজুমদার ছয় দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁর অভিনয় দক্ষতা, সাংস্কৃতিক নেতৃত্ব এবং নাট্যআন্দোলনে সক্রিয় ভূমিকা দেশের শিল্পাঙ্গনে বিশেষভাবে সমাদৃত।
অভিনয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশি-বিদেশি বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। তাঁর অভিজ্ঞতা ও জীবনদর্শন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়।
আয়োজক সংগঠন অনুস্বর জানায়, প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকী উপলক্ষে ২০২২ সালে ‘অনুস্বর সংলাপ’ অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রথম পর্বে অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। এরপর ধারাবাহিকভাবে দেশের খ্যাতিমান নাট্যজনদের নিয়ে এই আয়োজন পরিচালনা করে আসছে সংগঠনটি।
আয়োজকদের প্রত্যাশা, ফেরদৌসী মজুমদারকে নিয়ে এবারের সংলাপ নাট্যপ্রেমী, সংস্কৃতিকর্মী এবং তরুণ শিল্পীদের জন্য একটি স্মরণীয় ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে উঠবে