বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে এবং কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ঢাকার ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলাতেই জামিন মঞ্জুর হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
শুনানি শেষে আইনজীবী জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। সর্বশেষ ওয়ারী থানার মামলাতেও জামিন মঞ্জুর হওয়ায় এখন তার মুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে সিআইডি গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ১১ জুন ওয়ারী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. মাহফুজুর রহমান। আদালতের আদেশে ১৫ জুন তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি গত বছরের ১৩ জানুয়ারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ফ্রিল্যান্সিং কাজের প্রস্তাব পান। পরে তাকে গুগল রিভিউ দেওয়ার কাজ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রথমদিকে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করে মুনাফাসহ টাকা ফেরত পাওয়ায় তিনি আস্থা অর্জন করেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে তার কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এই ঘটনায় গত বছরের জানুয়ারিতে ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে তৌহিদ আফ্রিদিকে ওই মামলায়ও আসামি করা হয়।
